মেয়েকেই উত্তরসূরি হিসেবে বেছে নিচ্ছেন কিম
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন তাঁর কিশোরী মেয়ে কিমজু আয়েকে নিজের উত্তরসূরি নির্বাচিত করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতারা এ দাবি করেছেন। কিমজু আয়ে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না।
সম্প্রতি শীর্ষ পর্যায়ের কয়েকটি অনুষ্ঠানে বাবা কিম জং-উনের পাশে জু আয়েকে দেখা গেছে। গত বছর সেপ্টেম্বরে কিমের চীন সফরের সময় জু আয়ে বাবার সফরসঙ্গী হয়েছিল। জানা যায়, সেটি ছিল জু আয়ের প্রথম বিদেশ সফর।
দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএস বলেছে, জু আয়ে সম্পর্কে তাদের এই মূল্যায়ন তৈরি করার সময় তারা ‘নানা পরিস্থিতি’ বিবেচনায় নিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল সরকারি অনুষ্ঠানে তার ক্রমবর্ধমান প্রকাশ্য উপস্থিতি।
এ মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জু আয়ে ওই কংগ্রেসে উপস্থিত হয় কি না, তার ওপর নজর রাখছে এনআইএস। উত্তর কোরিয়ায় এটাই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ, প্রতি পাঁচ বছর পরপর সেখানে দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।
সাধারণত দলীয় কংগ্রেসে পিয়ংইয়ং পরবর্তী পাঁচ বছরের জন্য নিজেদের বৈদেশিক নীতি, যুদ্ধ পরিকল্পনা, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাসহ অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।
বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি সং-কওন বলেন, ‘কিমজু আয়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হয়েছে, কোরিয়ান পিপলস আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী এবং নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কুমসুসান প্যালেস অব দ্য সানেও তাকে দেখা গেছে। নির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তার মতামতের গুরুত্ব দেওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে। তাই এনআইএস বিশ্বাস করে, এখন সে উত্তরাধিকারী হিসেবে নির্ধারণের পর্যায়ে পৌঁছে গেছে।’
কিম জু আয়ে কিম জং-উন ও রিসল জুর একমাত্র সন্তান। এনআইএস বিশ্বাস করে, কিম জং-উনের একটি বড় ছেলে রয়েছে, তবে এই ছেলেকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি এবং উত্তর কোরিয়ার গণমাধ্যমেও দেখা যায়নি।
২০২২ সালে রাষ্ট্রীয় টেলিভিশনে জু আয়েকে প্রথম দেখা যায়। সেবার তাকে বাবার হাত ধরে উত্তর কোরিয়ার সর্বাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে দেখা যায়। তার পর থেকে কিমজুকে মাঝেমধ্যেই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখা যেতে শুরু করে।
উত্তর কোরিয়ার ক্ষমতা কিম পরিবারের তিন প্রজন্মে হস্তান্তরিত হয়েছে। তাই সাধারণভাবে ধারণা করা হয়, কিম জং-উন তাঁর মেয়ে কিমজুর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
তবে কেন একটি বড় ছেলে থাকার পরও মেয়ে জু আয়েকে ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে সামনে আনা হচ্ছে, সে রহস্য রয়েই গেছে।








