শবে বরাতে কাশ্মীরের জামিয়া মসজিদে তালা
নতুন পয়গাম, শ্রীনগর: কাশ্মীরের শ্রীনগরে এক বিচিত্র পরিস্থিতির মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ জনগণকে এই পবিত্র রজনীর শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে উপত্যকার ঐতিহাসিক জামিয়া মসজিদে বড় ধরনের ইবাদতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।
কাশ্মীর মিডিয়া সার্ভিস ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শবে বরাতের ইবাদত পালনে বাধা দেওয়া হয়েছে। আঞ্জুমান আউকাফ জামিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসাথে কাশ্মীরি নেতা মিরওয়াইজ উমর ফারুককে গৃহবন্দি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মসজিদে বিশেষ খুতবা ও মোনাজাত পরিচালনার কথা থাকলেও প্রশাসনিক কড়াকড়িতে তা সম্ভব হয়নি।
এহেন পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শবে বরাত উপলক্ষে জম্মু ও কাশ্মীরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, শবে বরাত হল আত্মচিন্তা, তাওবাহ এবং মহান আল্লাহর রহমত কামনার এক পবিত্র রজনী। তিনি জনগণকে এই রাতের আধ্যাত্মিক মর্ম উপলব্ধি করার এবং মানবজাতির কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বিশেষ করে জম্মু ও কাশ্মীরের শান্তি ও প্রগতির জন্য দোয়া করেন।
প্রশাসনের এই দ্বিচারিতার কারণে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ধর্মীয় স্বাধীনতা ও প্রশাসনিক কড়াকড়ির এই দোলাচলে কাশ্মীরের প্রধান মসজিদটি কার্যত জনশূন্য হয়ে পড়ে।








