কাশ্মীরে মানবিক সহায়তায় সেনা উপত্যকায় ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্য
নতুন পয়গাম, রাজৌরি, ১৭ আগস্ট: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে অসহায় মানুষদের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে মানবিক ভূমিকা নিল ভারতীয় সেনাবাহিনী। সেনার রোমিও ফোর্স রাজৌরির পীরপাঞ্জাল রেঞ্জের পাহাড়ে অবস্থিত কোটরাঙ্কা মহকুমার পাঞ্জনাদা গ্রামে সাম্প্রতিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
ভারী বৃষ্টিপাতের কারণে, এখানে ভূমিধসের ঘটনা ঘটেছে, যার ফলে ২০টিরও বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চিন্তার কারণ হয়ে উঠেছে। এসডিআরএফ টিমের দায়িত্বে থাকা এম. এন কামলাক বলেন, আমরা ৩-৪ দিন ধরে এই এলাকায় রয়েছি। গতকাল থেকে আমরা এখানে তল্লাশি চালাচ্ছি এবং এর বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে, ৪-৫টি ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ঘরবাড়িগুলিতেও কমবেশি ফাটল দেখা দিয়েছে। আমরা এখান থেকে সব মানুষকে সরিয়ে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে গিয়েছি।








