কংসাবতী সেচ খালের পাড় ভেঙে বিপত্তি
অকাল বন্যায় ভাসলো গ্রাম ও আমনের জমি
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া:
কংসাবতীর সেচ খালের পাড় ভেঙে ফের বিপত্তি। অকাল বন্যায় ভাসলো বাঁকুড়ার রাইপুর ব্লকের একাধিক গ্রাম ও কয়েকশো বিঘে আমনের জমি। ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কিছু কাঁচা বাড়িও।
বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে সেচের জন্য লেফট ব্যঙ্ক মেইন ক্যানালের পাশাপাশি রাইট ব্যঙ্ক মেইন ক্যনালেও প্রায় এক হাজার কিউসেক জল ছাড়া রয়েছে। সেই জলের চাপ ও দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে গতকাল রাত আড়াইটা নাগাদ রাইপুর ব্লকের কালাশোল লাগোয়া এলাকায় রাইট ব্যঙ্ক মেইন ক্যানালের পাড় আচমকাই ধসে পড়ে। ক্যানালে আসা জল হুড়মুড় করে ঢুকতে শুরু করে রাইপুর ব্লকের কালাশোল, শ্যামসুন্দরপুর ও ঝিঙা গ্রামে। ওই গ্রামগুলির মানুষ কিছু বুঝে ওঠার আগেই গ্রামের কোথাও এক কোমর কোথাও আবার হাঁটু সমান জল জমে যায়। রাস্তা ছাপিয়ে হু হু করে সেচ খালের জল ঢুকতে শুরু করে এলাকার বেশ কিছু বাড়িতে। জলের স্রোতে এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্থও হয়। জলের নীচে চলে যায় কয়েকশো বিঘা আমাওন চাষের জমি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় ব্লক প্রশাসন ও সেচ দফতরের আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় ওই ক্যনালে জল ছাড়া বন্ধ করে মুকুটমনিপুর জলাধার কর্তৃপক্ষ। গোটা ঘটনার জন্য সেচ দফতরের গাফিলাতিকেই দূষেছেন এলাকার ক্ষতিগ্রস্থ বাসিন্দারা।








