জুনিয়র ডার্বি নিষ্ফলা, এগিয়েও ড্র ইস্টবেঙ্গলের
নতুন পয়গাম:
রণে – বনে – জলে-জঙ্গলে যেখানেই মুখোমুখি ইস্ট-মোহন; সেখানেই প্রতিদ্বন্দ্বিতা চরমে থাকবে নিশ্চিত। গতকালও তার ব্যতিক্রম হল না।
তবে এডভান্টেজ ভাবা হচ্ছিল মোহনবাগানকে। কিন্তু সোমবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলকে হারাতে ব্যর্থ মোহনবাগান। উল্টে পিছিয়ে পড়েও কোনও রকমে ড্র করে মান বাঁচাল পালতোলা নৌকার জুনিয়ররা। অনূর্ধ্ব-১৮ এলিট ইয়ুথ লিগের জোনাল গ্রুপের ডার্বি শেষ হয় ১-১ গোলে। মশাল বাহিনীর হয়ে স্কোরশিটে নাম তোলে প্রীতম গাইন। স্পটকিক মোহনবাগান গোলরক্ষক প্রথমে রুখে দিলেও,ফিরতি বলে জোরালো শটে জাল কাঁপান তিনি। সবুজ-মেরুনকে সমতায় ফেরায় প্রেম হাঁসদা।
এদিন মোহন বাগান মাঠে দলের খেলা দেখতে এসেছিলেন থংবই সিংটো ও বিনো জর্জ। তাঁদের সামনে শুরুটা ভালো করেছিলেন লাল-হলুদের জুনিয়ররা। প্রথমার্ধেই সবুজ-মেরুন রক্ষণের ভুলে লিড নেয় ইস্ট বেঙ্গল। বিরতির পর সমতায় ফেরে ডেগি কার্ডোজো ব্রিগেড। শেষদিকে ইস্ট বেঙ্গল চাপ বাড়ালেও লাভের লাভ হয়নি। বরং বিপক্ষ গোলের সামনে খেই হারাল লাল-হলুদ ব্রিগেডের যাবতীয় আক্রমণ। সহজ সুযোগ পা ছাড়া না হলে হাসিমুখে মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল যুব দল।
তবে ড্র হওয়ায় আপাতত দুই দলেই সেভাবে অসন্তোষ নেই।








