জীবনতলা থানার তৎপরতায় চুরি যাওয়া অলংকার উদ্ধার, গ্রেপ্তার দুই
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: পুলিশি তৎপরতায় চুরি হওয়া অলংকারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বারুইপুর পুলিশ জেলার জীবনতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘুটিয়ারি শরিফ ফাঁড়ি এলাকার এক বাসিন্দা মঙ্গলবার রাতে অভিযোগ জানান যে তিনি ৪ ফেব্রুয়ারি ২০২৬ সপরিবারে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন। ৮ ফেব্রুয়ারি বাড়ি ফিরে দেখেন, বাড়ির তালা ভাঙা এবং ঘরের ভেতর থেকে সোনার দুটি অলংকার, একটি মিক্সার গ্রাইন্ডার, একটি ইন্ডেন গ্যাস সিলিন্ডার, একটি সিলিং ফ্যান, কিছু পিতলের সামগ্রী ও নগদ ২০ হাজার টাকা চুরি গেছে। অভিযোগের ভিত্তিতে জীবনতলা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া অধিকাংশ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।








