৯০০ সিসিটিভির নজরদারিতে মুড়লো জঙ্গিপুর পুলিশ জেলা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, জঙ্গিপুর:
শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির আশ্রয় নিল জঙ্গিপুর পুলিশ জেলা। গোটা জেলার গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল অঞ্চল ও সংবেদনশীল এলাকায় বসানো হয়েছে ৯০০টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার জঙ্গিপুর ফাঁড়ি চত্বরে নবনির্মিত কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অমিতকুমার সাউ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, এসডিপিও প্রবীর মণ্ডল, রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ, জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল সহ অন্যান্য আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, নারী সুরক্ষা ও অপরাধ প্রতিরোধের লক্ষ্যেই এই নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ক্যামেরাগুলি রাতের অন্ধকারেও স্পষ্ট ছবি তুলতে ও শব্দ ধারণ করতে সক্ষম।
পুলিশ সুপার জানান, “শহরের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। প্রথম পর্যায়ে ৯০০টি ক্যামেরা বসানো হয়েছে, শিগগিরই আরও ৭০০টিরও বেশি ক্যামেরা স্থাপন করা হবে।”
রঘুনাথগঞ্জের মিঠিপুর, সেখালিপুর, বড়জুমলা প্রভৃতি এলাকায় ইতিমধ্যেই ক্যামেরা বসানো সম্পন্ন হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারির জন্য জঙ্গিপুর ফাঁড়ির পাশে স্থাপন করা কন্ট্রোল রুমে পুলিশ কর্মীরা নিয়মিত ডিউটিতে থাকবেন।
এই আধুনিক উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, সিসিটিভি নজরদারিতে শহরের অপরাধ প্রবণতা অনেকটাই কমবে এবং জঙ্গিপুর আরও নিরাপদ হয়ে উঠবে।








