হাওড়ায় জামাআতের দাওয়াত ও পাবলিক রিলেশন ওয়ার্কশপ
নতুন পয়গাম, উলুবেড়িয়া:
জামাআতে ইসলামী হিন্দ বীরশিবপুর ও উলুবেড়িয়া মোকামের উদ্যোগে ‘দাওয়াত ও PR সমন্বয়ক ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়ে গেল নিমদীঘিস্থিত সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে। রবিবার এই কর্মশালায় নারী-পুরুষ মিলিয়ে ৮০ জনেরও বেশি সদস্য সক্রিয় অংশগ্রহণ করেন।
তাযকির বিল কুরআন পেশ করেন সংগঠনের হাওড়া জেলা সভাপতি নুর আহমদ মোল্লা।
স্বাগত ভাষণে বীরশিবপুর মোকামের সেক্রেটারি ফজলুর রহমান বলেন, দাওয়াতের কাজই ইসলামী আন্দোলনের প্রাণ, তাই প্রত্যেক সদস্যকে দাওয়াত ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নিবেদিত হতে হবে।
এই ওয়ার্কশপের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন বীরশিবপুর মোকামের দাওয়াত এবং পাবলিক রিলেশন সেক্রেটারি শাহনাওয়াজ খান। ‘দাওয়াতের মৌলিক রূপরেখা’ বিষয়ে বক্তব্যে রাজ্য দাওয়াত বিভাগের সহকারী সেক্রেটারি সেখ আলিমুদ্দিন বলেন, দাওয়াত হল নবুওতের মূল দায়িত্ব এবং আজকের সমাজে দাওয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের জ্ঞান, ধৈর্য ও সৃজনশীলতা প্রয়োজন। বিভিন্ন শ্রেণির মানুষের মানসিকতা অনুযায়ী কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি।
‘দাওয়াতের বুদ্ধিবৃত্তিক দিক’ বিষয়ে আলোচনায় রাজ্য তালিমি বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান কুরআন ও হাদীসনির্ভর দাওয়াতের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, প্রকৃত দাওয়াত কেবল বক্তব্য নয়; বরং তা জ্ঞান, যুক্তি ও আত্মশুদ্ধির সমন্বয়ে পরিপূর্ণ এক প্রক্রিয়া।
‘Public Relation ও মিডিয়া ব্যবহারের কৌশল’ সেশনে বক্তব্য রাখেন বীরশিবপুর মোকামের আমীর সেখ মোহাম্মদ আরিফুল্লা। তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সময়ের দাবি মেনে সোশ্যাল মিডিয়াকে ইসলামের দাওয়াত প্রচারের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের আহ্বান জানান।
ওয়ার্কশপের অন্যতম আকর্ষণ ছিল গ্রুপ ডিসকাশন পর্ব, যেখানে আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা ‘মোকামের বর্তমান দাওয়াতি দুর্বলতা’, ‘PR সম্পর্ক উন্নয়ন’ এবং ‘আগামী এক বছরের কর্মপরিকল্পনা’ বিষয়ে আলোচনায় অংশ নেন। প্রতিটি গ্রুপের প্রতিনিধি আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন, যার ওপর মূল্যায়ন বা পরিপূরক মন্তব্য করেন হাওড়া জেলা দাওয়াত ইনচার্জ শরীফ হোসেন।
সমাপ্তি পর্বে প্রেরণামূলক বক্তব্য রাখেন রাজ্য দাওয়াত বিভাগের সেক্রেটারি নাসিম আলি। তিনি দাওয়াতের দায়িত্ব পালনে আন্তরিকতা, দলগত সমন্বয় এবং নিয়মিত মাঠপর্যায়ে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। শাহনাওয়াজ খানের সুনিপুন সঞ্চালনায় এদিনের কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।








