ইসরোর বিজ্ঞানী ড. মোশাররফ হোসেনকে আর.এন পাবলিক স্কুলের সংবর্ধনা
নতুন পয়গাম, পাইকর:
বীরভূম জেলার ভূমিপুত্র, চন্দ্রযান-৩ এর সফল নায়ক ইসরোর বিজ্ঞানী ড. মোশাররফ হোসেনকে সম্মানিত করল আর.এন পাবলিক স্কুল (উ.মা.)। ইসরোর ‘সিনিয়র সায়েন্টিস্ট’ ড. মোশাররফ হোসেনের কথা শুনতে ইতিহাস প্রসিদ্ধ মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার কুসুমগাছি আর.এন পাবলিক স্কুলের কনফারেন্স রুমে উপচে পড়ে ভিড়। উপস্থিত সকলেই মন্ত্র মুগ্ধের মতো তাঁর কথা শুনতে থাকেন। এমন এক ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থাকতে পেরে উপস্থিত সকলেই খুব খুশি।
এদিনের সংবর্ধনা সভায় প্রারম্ভিক কথা বলেন প্রধান শিক্ষক তথা সম্পাদক আবু তাহের সেখ। বিজ্ঞানী ড. মোশাররফ হোসেন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং চন্দ্রযান-৩ এর সাফল্য বিষয়ে তাঁর অভিজ্ঞতার কথা সবার সঙ্গে শেয়ার করেন।
এই অনুষ্ঠানে অণু-গল্পকার মতিয়ার রহমান তাঁর লেখা ‘অপেক্ষা: ভালোবাসা’ বইখানি তাঁর হাতে তুলে দেন। এই অনুষ্ঠানে মুরারই কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ বার্ষিকী উদযাপন কমিটির তরফে মোশাররফ হোসেনের হাতে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মনিরুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন আর.এন স্কুলের প্রেসিডেন্ট মহ. নূরুজ্জামান। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মতিয়ার রহমান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।








