এবার কাতারে ইসরাইলি হামলা
নতুন পয়গাম, দোহা, ৯ সেপ্টেম্বর:
ইরান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিনের পর এবার কাতারেও সামরিক হামলা করল ইসরাইলি সেনাবাহিনী। দেশটির রাজধানী দোহায় মঙ্গলবার বিমান হামলা চালায়। ইসরাইলের সাফাই হল, কাতারে লুকিয়ে থাকা হামাস নেতাদের লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে।
হামলার পরপরই এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাস নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে এই হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
হামাসের এক কর্মকর্তা বিবিসি’কে বলেছেন, কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারী এক প্রতিনিধিদল বৈঠক করছিল। সেই সময় তাদেরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী।
কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, একটি আবাসনে এই হামলা চালানো হয়েছে। এটা কাতারের সার্বভৌমত্ব লংঘন বলে ইসরাইলকে কাঠগড়ায় তুলেছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ও ইসরাইল পরপর ইরানে হামলা করলে, ইরানও পাল্টা জবাব দিতে কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছিল। সেই দিনই ইরানের বিরুদ্ধে আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আসেন। এমনকি তিনি এও বলেন, ইরানে সরকার বদলানো বা রিজিম চেঞ্জের কোন পরিকল্পনা তাদের নেই।








