অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে নিহত ইসরাইলি সেনা
নতুন পয়গাম, আন্তর্জাতিক ডেস্ক তেলআভিভ
অধিকৃত পশ্চিমতীরে জিত জংশনে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ফিলিস্তিনি এক ট্রাকচালককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। এর পর থেকে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ (২০)। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরাইলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন।
আইডিএফ বিবৃতি:
“এক ফিলিস্তিনি ট্রাকচালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিত জংশনে অবস্থানরত সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাভকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সেনারা চালকের দিকে গুলি চালালে তিনি ঘটনাস্থলেই নিহত হন।”
তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ফিলিস্তিনি চালককে লক্ষ্য করে গুলি চালানোর সময় সহযোদ্ধাদের গুলিতেই কাভ মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেভিড আদমের সহযোগিতায় বেইলিনসন হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান।
ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য:
“ঘটনার পর সেনারা নাবলুস শহর ও আশপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়। ক্যালকিলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট ৫৫ ধরে সংযুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়েছে।”








