ভাঙড়ে আইএসএফ-এর বিশাল রক্তার্পণ শিবির, স্বেচ্ছায় রক্ত দান করলেন রেকর্ড সংখ্যক ৭৫৭জন
নতুন পয়গাম, ভাঙড়: রবিবার ২ নভেম্বর আইএসএফ-এর উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের ভোগালী ১-নং অঞ্চল কমিটি রক্তার্পণ শিবিরের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ এর সর্বোচ্চ নেতা এবং ভাঙ্গড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটা রক্তদান শিবিরে এভাবে কয়েক হাজার মানুষের উপস্থিতি বেনজির ঘটনা। আইএসএফ এর উদ্যোগে আয়োজিত প্রতিটা শিবিরে গড়ে ৭০০–৮০০ জন করে স্বেচ্ছায় রক্ত দান করছেন, যা সারা রাজ্যে রেকর্ড।
তাঁর কথায়, রক্তদান মহৎ দান, রক্ত দান জীবন দান। তিনি আরও বলেন, রক্তপাত নয়, আমরা রক্তদানে বিশ্বাসী। উল্লেখ্য, ভাঙড়ের ভোগালী প্রাইমারী স্কুল মাঠে এদিনের রক্তার্পণ শিবিরে নারী-পুরুষ মিলিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন মোট ৭৫৭ জন।

উদ্যোক্তা আইএসএফ-এর স্থানীয় কর্মকর্তারা জানান, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের হামলায় নিহত মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, মোহাম্মদ রেজাউল গাজীদের স্মরণে এই মহতী রক্তার্পণ শিবির।








