গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছে না ইরান
নতুন পয়গাম, তেহরান:
ইরানের প্রেসিডেন্ট ডা. মাসুদ পেজেশকিয়ান বা বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি কেউই মিশরে গাজা সম্মেলনে যোগ দেবেন না। এই শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছে আমেরিকা ও মিশর। সোমবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, ইরানি জনগণের ওপর আক্রমণকারী এবং আমাদের হুমকি ও নিষেধাজ্ঞা অব্যাহত রাখা প্রতিপক্ষদের সঙ্গে বৈঠকে বসতে পারি না।
গত জুনে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে করা হামলায় ওয়াশিংটন ইসরাইলের সঙ্গ দেয়। আরাকচি আরো বলেন, তেহরান ‘গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করার’ এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষার যে কোনো উদ্যোগকে সমর্থন করে।
ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ইরান এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থনকে তাদের বিদেশনীতি অবিচ্ছেদ্য অংশ করেছে। বিপ্লবটি মার্কিন-সমর্থিত ইরানের শাহ রাজবংশকে উৎখাত করেছিল।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ নেতৃত্বে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ২০টিরও বেশি দেশের নেতৃবৃন্দ যোগ দেবেন। যদিও ইসরায়েল বা হামাস কেউই এতে অংশ নেবে না।








