বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নতুন পয়গাম, সঞ্জয় মণ্ডল, বাঁকুড়া : বড়জোড়া কলেজ-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত এই কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চয়তা সেল (IQAC)-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের সূচনা হয় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. অরুন কুমার রায়। প্রধান বক্তা ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবীরলাল বন্দ্যোপাধ্যায় এবং আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব সরেন। বক্তারা মাতৃভাষার অধিকার, বহুভাষিক সমাজে সহাবস্থান এবং শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এবং সবাই মাতৃভাষা রক্ষায় সচেতন থাকার অঙ্গীকার করেন।








