জলঙ্গীতে আন্তঃপ্রজন্মগত আলোচনা সভা ও মিলন উৎসব
নতুন পয়গাম, জলঙ্গী:
স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এলাকার প্রবীণ নাগরিকদের নিয়ে এক বিশেষ আন্তঃপ্রজন্মগত আলোচনা সভা ও মিলন উৎসব অনুষ্ঠিত হলো জলঙ্গীতে। ভারত সরকারের ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অনুদানপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা Calcutta Metropolitan Institute of Gerontology (CMIG)-এর উদ্যোগে এবং জলঙ্গী মোহনা ফাউন্ডেশনের সহযোগিতায় গত ২০ নভেম্বর, বৃহস্পতিবার জলঙ্গি ব্লকের ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতন প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ভারত সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য স্কুল পড়ুয়া শিশুদের সঙ্গে প্রবীণ নাগরিকদের যুক্ত করে সামাজিক বোঝাপড়া বৃদ্ধি, একাকিত্ব দূরীকরণ এবং আনন্দ ও অভিজ্ঞতার পারস্পরিক আদান–প্রদানকে উৎসাহিত করা। বহু ক্ষেত্রেই দেখা যায়, জীবিকার তাগিদে ছেলে–মেয়েরা দূরে সরে যাওয়ায় প্রবীণরা একাকিত্বে ভোগেন এবং নাতি–নাতনিরাও দাদু–দিদার স্নেহ থেকে বঞ্চিত হয়। এই সামাজিক বাস্তবতার ওপর আলোকপাত করতেই আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে আলোচনা পর্বের পাশাপাশি এলাকার প্রবীণদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। দিনব্যাপী এই মিলন উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় CMIG-এর সম্পাদক ইন্দ্রানী চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টা এবং জলঙ্গী মোহনা ফাউন্ডেশনের সক্রিয় অংশগ্রহণে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CMIG–এর সদস্যবৃন্দ, ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ আলি, মোহনা ফাউন্ডেশনের সভাপতি তুহিন হোসেন, সম্পাদক ইন্দাদুল মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি স্কুল পড়ুয়াদের হাতেও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ভারত সরকারের এই উদ্যোগকে সফল করতে সহযোগিতা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।








