গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ
নতুন পয়গাম, উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: ক্রমবর্ধমান দূষণের জেরে গঙ্গার পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ নিয়েছে State Mission for Clean Ganga এবং Namami Gange Programme। প্রকল্পের দক্ষিণ ২৪ পরগনা জেলার আধিকারিক সুজিত ভান্ডারী জানান, গঙ্গাকে পরিচ্ছন্ন রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাঁর কথায়, “এটি গঙ্গার পুনর্জীবন, সুরক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার একটি সমন্বিত প্রকল্প।”
National Ganga Council-এর অধীনে National Mission for Clean Ganga (এনএমসিজি) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। মূল লক্ষ্য হলো দূষণ হ্রাস—বিশেষত খোলা নালা, ডাইভারশন এবং অপরিশোধিত বর্জ্য জল যাতে সরাসরি নদীতে না পড়ে, তার জন্য উপযুক্ত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা। প্রকল্পের আওতায় বায়োরিমিডিয়েশন, ইন-সিটু ট্রিটমেন্ট, আধুনিক প্রযুক্তিনির্ভর স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য শোধনাগার স্থাপনের উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক ঋতুচক্র অক্ষুণ্ণ রেখে নদীর স্বাভাবিক জলপ্রবাহ বজায় রাখা, ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জলের পুনরুদ্ধার এবং স্থানীয় প্রাকৃতিক উদ্ভিদ পুনর্জীবিত করার কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া গঙ্গা অববাহিকায় জলজ জীববৈচিত্র্য ও নদীতীরবর্তী বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যও নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি সারা বছর ধরে চলবে এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গঙ্গাকে দূষণমুক্ত করা সম্ভব নয়। আধিকারিকদের মতে, সচেতনতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের মাধ্যমেই গঙ্গার দূষণ রোধ করা সম্ভব।








