ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে, দাবি কেন্দ্রীয় সচিবের
নতুন পয়গাম, নয়াদিল্লি:
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত করার ‘খুব কাছাকাছি’ রয়েছে দুই দেশ। সোমবার একথা জানিয়েছেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। তিনি নিশ্চিত করেছেন, দুই পক্ষের মধ্যে আলোচনা সক্রিয়ভাবে এগিয়ে চলেছে।
বর্তমানে দুই দেশ দুটি সমান্তরাল আলোচনায় ব্যস্ত — উচ্চ শুল্ক সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে একটি রূপরেখা বাণিজ্য চুক্তি এবং অন্যটি একটি ব্যাপক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে। গত সপ্তাহে, নতুন মার্কিন উপ-বাণিজ্য প্রতিনিধি রিক সুইজার বাণিজ্য সচিব আগরওয়ালের সাথে আলোচনার জন্য ভারত সফর করেন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করে এবং রূপরেখা চুক্তি এবং এর অগ্রগতির মূল্যায়ন করে।
আগরওয়াল সাংবাদিকদের বলেন, “আমরা রূপরেখা চুক্তির খুবই কাছাকাছি আছি, যা আমরা মনে করি অল্প সময়ের মধ্যেই সম্পন্ন করা যেতে পারে। তবে আমি এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চাই না।” বাণিজ্য সচিব জানান, চূড়ান্ত পর্যায়ে আলোচনার জন্য সাধারণত আনুষ্ঠানিক বৈঠকের প্রয়োজন হয় না। তবে আলোচনা শেষ হওয়ার দিকে এগোলে সশরীরে এবং ভার্চুয়াল—উভয় ধরনের বৈঠকই চলতে থাকবে।
এই আলোচনাগুলি দ্রুত শেষ করার জন্য চাপ বেড়েছে, কারণ ট্রাম্প প্রশাসন মার্কিন বাজারে প্রবেশকারী ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ করেছে। এই আলোচনার ফলস্বরূপ টাকার ওপরও ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে, যা সম্প্রতি ৯০-মার্ক অতিক্রম করে রেকর্ড নিম্নে নেমেছিল।
ভারত এই শুল্ক প্রত্যাহারের বিষয়টি প্রথম ধাপের বাণিজ্য চুক্তির মূল কেন্দ্রবিন্দু বলে মনে করছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বাদাম, ভুট্টা এবং আপেলের মতো কৃষিপণ্য এবং শিল্প পণ্যে শুল্ক ছাড় চাইছে, তবে ভারত কৃষি ও দুগ্ধ খাতে কোনো ছাড় দেওয়ার বিরোধীতা করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে যে তারা কৃষক এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগের স্বার্থে কোনো আপস করবে না।








