সূর্য’র তেজে পুড়লো ইংল্যান্ড, ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতলো ভারত
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ, পৃথ্বী শ, যশ ধুল’দের কাতারে এবার আয়ুষ মাত্রে। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল ভারতীয় ক্রিকেট দল। ছয় নম্বর বিশ্বকাপটা জিতে ‘মিশন হেক্সা’ সম্পূর্ণ করল ভারতের যুব ক্রিকেটাররা! বৈভবের বিধ্বংসী ব্যাটিং, আয়ুষের অসাধরন ক্যাপ্টেন্সি, বিহানের অলরাউন্ড পারফরম্যান্স, হেনিল-অম্বরিশ-খিলানদের বোলিং; এককথায় টিমগেম খেলেই বাজিমাত টিম ইন্ডিয়ার।
এদিন প্রথম ইনিংস শেষেই ফাইনালের ভাগ্য লেখা হয়ে যায়। হারারেতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত আগে ব্যাটিং করে তোলে ৪১১ রান। যা জাতীয় দল ও ছেলে–মেয়ে নির্বিশেষে আইসিসি বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ। এমন কিছুর পর ইংল্যান্ড যুবাদের শিরোপা জিততে হলে আরেকটি রেকর্ডই গড়তে হতো। তবে সেটা তারা পারেনি। বয়সভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় ভারত অনূর্ধ্ব–১৯ দলের এটি ষষ্ঠ শিরোপা।
জিম্বাবুয়ের মাটিতে ভারতের যুবাদের এই জয়ের মূল নায়ক বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই ওপেনার ৮০ বলে খেলেছেন ১৭৫ রানের মহাকাব্যিক ইনিংস। যা যুব ওয়ানডের কোনো ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত। আগের রেকর্ড ছিল ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে সামির মিনহাসের ১৭২ রান।
ছেলে ও মেয়েদের সিনিয়র ও জুনিয়র এবং যে কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনাল মিলিয়ে সূর্যবংশীর ইনিংসটি ব্যক্তিগত সর্বোচ্চ। যদিও সূর্যবংশীর ইনিংসের শুরুটা ছিল তুলনামূলকভাবে ধীর গতির। প্রথম ২৪ বলে করেছিলেন ২৪ রান। তবে পরের ১৫১ রান তুলতে তিনি খরচ করেছেন মাত্র ৫৬ বল। চার ও ছক্কা মেরেছেন ১৫টি করে। যুব ওয়ানডেতে এক ইনিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রানেরও রেকর্ড এটি। ১২৬ মিনিটের এই মহাকাব্যিক ইনিংসের অবসান ঘটে ২৬তম ওভারে। ইংল্যান্ডের পেসার ম্যানি লামসডেনের গতি কমিয়ে দেওয়া একটি বলে স্লগ সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক ও অধিনায়ক টমাস রোর হাতে ধরা পড়েন তিনি। সূর্যবংশী যখন মাঠ ছাড়ছিলেন, তখন ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৫১ রান। এরপর ভারত যোগ করতে পেরেছে ১৬০ রান।রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড উইকেট হারাতে থাকে।তবে সেঞ্চুরি করেছেন কালেব ফালকনোর। ৬৭ বলে ১১৫ রান করে ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তাঁর সেঞ্চুরির কারণেই ১৭৭ রানে ৭ উইকেট হারানো ইংল্যান্ড ৩১১ রান পর্যন্ত যেতে পেরেছে।তবে রানের পাহাড় টপকাতে পারেনি।








