মায়ানমারকে হারিয়ে ঐতিহাসিক জয় ভারতের
নিজস্ব প্রতিনিধি
নতুন পয়গাম, ১৪ আগস্ট: শেষ হল ভারতীয় অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দলের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের সবক’টি ম্যাচ। যেখানে কঠিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করার পর তুর্কমেনিস্তান ও মায়ানমারকে হারিয়ে পরপর দুটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে শেষ করল ভারতীয় অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দল। এই জয়ের ধারাবাহিকতার পাশাপাশি প্রথমবারের মতো ইতিহাস রচনা করে এএফসি অনূর্ধ্ব কুড়ি মহিলা এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ভারতীয় অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল টিম। এদিন মায়ানমারের টিমকে ১-০ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় পায় ভারত।
একদিকে ভারতীয় মহিলা সিনিয়র ফুটবল দল যেমন জায়গা করে নিয়েছে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে, এবার বয়সভিত্তিক এএফসি এশিয়ান কাপের মূল পর্বে দুরন্ত লড়াই করে উজ্জ্বল জায়গা করে নিল ভারতীয় অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দল। সব মিলিয়ে বলা যায়, স্বাধীনতা দিবসের শুভ লগ্নে ভারতীয় ফুটবলে এদিন নতুন অধ্যায় বা নতুন ইতিহাস রচিত হল এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে। পাশাপাশি ভারতীয় ফুটবলে মেয়েদের এই আকাশচুম্বি সাফল্য এক নতুন পথের দিকে এগিয়ে নিয়ে গেল। পরপর এই জয়ে ১৪৫ কোটি ভারতবাসী আপ্লুত।








