চক দে ইন্ডিয়া
হকিতে এশিয়া সেরা ভারত
নতুন পয়গাম, ৭ সেপ্টেম্বর:
শেষ হলো ভারতের মাটিতে এবারের পুরুষ হকি এশিয়া কাপ। এদিন মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ভারত বনাম কোরিয়া। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক ভারত প্রতিটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রেখে জায়গা করে নেয় সুপার ফোরে। যেখানে একটু ছন্দপতন ঘটলেও দুর্দান্ত লড়াই করে একটি ম্যাচ ড্র বাকি দুটি ম্যাচে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেয় ভারত। মেগা ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ ছিল কোরিয়া। যাদের কাছে দিন চারেক আগে আটকে গিয়েছিল দল। রবিবার ফাইনালে কোরিয়া কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় পুরুষ হকি দল। ২০১৭ সালের পর ফের এশীয় হকিতে সেরা হলো ভারত। এই নিয়ে চতুর্থবার। এমনিতে পরিসংখ্যানের বিচারে ভারতের ধারে কাছে নেই কোরিয়া। ২২ বারের সাক্ষাতে ১০ বার জিতেছে, দশবার ড্র। এশিয়া কাপে কোরিয়া পাঁচবারের সেরা। এ দিনের আগে পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন হয়েছে তিন সংস্করণে। গতবার সুপার ফোরের শেষ ম্যাচে ওই কোরিয়ার সঙ্গে ড্র করেই ফাইনালে ওঠার সুযোগ হারায় ভারত। তবে এবার সুপারের প্রথম ম্যাচেও আটকে গিয়েছিল কোচ ক্রেগ ফুলটনের ছেলেরা। কোথাও যেন মেগা ফাইনাল ম্যাচে বদলার লড়াই ছিল তাদের। মেগা ফাইনাল ম্যাচে শুরুতেই দলকে এগিয়ে দেন সুরজিৎ সিং। দ্বিতীয় কোয়ার্টারে একেবারে শেষ দিকে ২৮ মিনিটে গোল করেন দিলপ্রীত। ভারত ২-০ গোলে এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই কিছুটা নড়বড়ে অবস্থা ছিল ভারতের। তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে দিলপ্রীত সিং দুর্দান্ত বুদ্ধির পরিচয় দিয়ে গোল গোল করে যান। ফলাফল যখন ৩-০ হওয়ার পর বেশ ভালো জায়গায় চলে যাই দল। তবে এই জয়ের কারিগর দিলপ্রীত সিং। এই ফাইনাল ম্যাচে ভারতের হয়ে জোড়া গোল করে ও ম্যাচের সেরা। ৫০ মিনিটের মাথায় ভারতের হয়ে চতুর্থ গোলটি করে অমিত রোহিদাস। এর পর অবশ্য দিয়ান সন কোরিয়ার হয়ে একটি গোল শোধ করে। এবারের আসরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে হকি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল ভারত। আগামী বছরে আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। দুই আয়োজক দেশ ছাড়াও বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া,আর্জেন্টিনা নিউজিল্যান্ড,স্পেন ও জার্মানি। সব মিলিয়ে দেশের মাটিতে দুরন্ত লড়াই করে প্রতিপক্ষের কাছ থেকে জয় নিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল ভারতীয় পুরুষ হকি দল।








