শাবাহার বন্দরে ভারতকে ৬ মাসের ছাড়
নতুন পয়গাম, নয়াদিল্লি:
ইরানের শাবাহার বন্দর ব্যবহারে সম্প্রতি ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। কিন্তু এবার ভারতের জন্য ওই মার্কিন নিষেধাজ্ঞা ছ’মাসের জন্য শিথিল করা হয়েছে। শুক্রবার একথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। গত মাসে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে চাপে রাখতে সেদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। এরই আওতায় শাবাহার বন্দর ব্যবহারে অন্য দেশগুলিকে দেওয়া কিছু ছাড় আমেরিকা প্রত্যাহার করে নিয়েছিল। এখন আগামী ৬ মাসের জন্য সেখানে ভারতকে ছাড় দেওয়া হয়েছে বলে জানাল বিদেশ মন্ত্রক।

বাণিজ্যচুক্তি ও চড়া হারে আমদানি শুল্ক নিয়ে ভারতের সঙ্গে লাগাতার টানাপড়েনের মধ্যে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পরও ২০১৮ সালে ইরানের উপর জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সেক্ষেত্রেও ব্যতিক্রম ছিল শাবাহার। গত বছরই এই বন্দর নিয়ে ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি করে ভারত। সেই চুক্তি অনুযায়ী, শাবাহারে ৩৭০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভারতীয় সরকারি সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড। ইরানের দক্ষিণ উপকূলে সিসতান-বালুচিস্তান প্রদেশে অবস্থিত শাবাহার বন্দরের একটি টার্মিনাল পরিচালনা করে ভারত। অবস্থান এবং কৌশলগত কারণে এই বন্দর পাকিস্তান এবং আফগানিস্তানের জন্যও খুবই গুরুত্বপূর্ণ।








