ভারত ও ইসরাইল প্রতিরক্ষা চুক্তি সই
নতুন পয়গাম, নয়াদিল্লি:
অর্থ ও বাণিজ্য চুক্তির পর এবার ভারত-ইসরাইল প্রতিরক্ষায় অংশীদারিত্ব বিষয়ক চুক্তি সই করল। নয়াদিল্লি প্রশাসনের দাবি, পারস্পরিক আস্থা ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের ভিত্তিতে এই চুক্তি। বুধবার সই হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদন আরো গতিশীল হবে। যা তাদের শক্তিশালী কৌশলগত সম্পর্ককে আরো জোরদার করবে।
ইসরাইলের রাজধানী তেল আবিবে ভারত-ইসরাইল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকের পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ‘দুই দেশের শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা আরো গভীর করার জন্য একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি ও নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য’ প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিদেশ মন্ত্রক আরো বলেছে, ‘গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পারস্পরিক স্বার্থের কৌশলগত সংলাপ, প্রশিক্ষণ, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, এবং বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সহযোগিতা। এই সমঝোতা স্মারক উন্নত প্রযুক্তি বিনিময় করতে সক্ষম হবে এবং সহউন্নয়ন ও সহউৎপাদনকে উৎসাহিত করবে।’








