পাথরপ্রতিমায় আইএসএফ পার্টি অফিসের উদ্বোধন, শাসক দলের কটাক্ষ— “বাঘের গুহায় হরিণছানা”
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, পাথরপ্রতিমা:
পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গায় বুধবার উদ্বোধন হলো ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর নতুন পার্টি অফিস। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই অফিসটি অবস্থিত রামগঙ্গা বিডিও অফিস এবং শাসক দলের স্থানীয় কার্যালয়ের প্রায় ঢিলছোড়া দূরত্বে।
শাসক দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পাথরপ্রতিমায় আইএসএফ-এর এই পদক্ষেপকে রাজনৈতিক মহল দেখছে আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে। স্থানীয় সূত্রে জানা যায়, উদ্বোধন ঘিরে এলাকায় বিরোধীদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনা শুরু হয়েছে।
তবে শাসক দলের নেতাদের কটাক্ষ, “এটা বাঘের গুহায় হরিণছানা প্রবেশের মতো ঘটনা। ভোটের সময় দেখা গেলেও, পরের দিনই এদের আর দেখা যায় না।” দলের দাবি, “এই অফিস ভোট পর্যন্ত টিকবে তো?”
আইএসএফ নেতৃত্বের বক্তব্য, তারা মানুষের পাশে থেকে বিকল্প রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান।








