নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফুটবল খেললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক
নতুন পয়গাম, শান্তিপুর:
বৃহস্পতিবার শান্তিপুরের মাঠে এক অন্যরকম ছবি। গ্যালারি ভরা দর্শক, কর্মী-সমর্থকের উৎসাহ আর পাশে ফুটবল মাঠে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে তিনি মাঠে নেমে নিজেই ফুটবল খেললেন। খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করে জানালেন স্বাগত। বললেন, “এবার খেলা শুরু হবে।”
কিন্তু ফুটবল খেলার আড়ালেই উঠে এল নানা রাজনৈতিক প্রসঙ্গ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেন—
“হাজারো টুর্নামেন্ট হোক, নিবেদিতা কাপ হোক, খুদিরাম কাপ হোক, অরবিন্দ কাপ হোক—যা-ই হোক না কেন, খেয়াল রাখতে হবে যেন রবীন্দ্রনাথের মতো মনীষীদের ছবিতে কখনও আগুন না লাগে।”
প্রতিবেশী রাষ্ট্র নেপালের অস্থির পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি সরাসরি কিছু না বললেও উল্লেখ করেন, “যা বলবেন, পররাষ্ট্র মন্ত্রক বলবে। ওটা প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়।”
অর্জুন সিং-এর ১৮–৩০ বয়সিদের নিয়ে ‘জাগ্রত করা’ প্রসঙ্গে তৃণমূলের থানায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিয়েও তিনি মন্তব্য করেন। তাঁর বক্তব্য, “তৃণমূল আবার এর মধ্যে ঢুকছে কেন? তারা তো বলেছিল আগামী দিনে ৫০ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে।”
নদিয়ার কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় শ্রমিক ভট্টাচার্য বলেন, “আসল যারা দোষী, তারা যেন শাস্তি পায়। আমাদের দুর্ভাগ্য, আমরা একটা রাজনৈতিক রাজ্যে বাস করি। আজকের বিশেষ কর্মসূচিতে এসে আমি কোনও রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে চাই না।”
এদিন রাজ্য সভাপতি মাঠে প্রবেশ করতেই কর্মী-সমর্থকেরা স্লোগান আর হাততালিতে তাঁকে স্বাগত জানান। কিছুক্ষণ খেলোয়াড়দের সঙ্গে সময় কাটিয়ে তিনি শান্তিপুর থেকে অন্য কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।








