ঘন জঙ্গলে ঘেরা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম পেল ‘পুলিশ ক্যাম্প’
তৌসিফ আহম্মেদ
নতুন পয়গাম, বাঁকুড়া:
বুনো হাতির ভয়কে অতিক্রম করে দীর্ঘ ২৫ কিমি পথ পাড়ি দিয়ে থানায় যাওয়ার দিন শেষ, ঘন জঙ্গলে ঘেরা বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম পেল ‘পুলিশ ক্যাম্প’।
বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত ঘন জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম পাঁচাল। ফি বছর নিয়ম করে বুনো হাতি ঘিরে রাখে গ্রামটিকে। গ্রামবাসীরা বছরের বেশিরভাগ সময়ই আতঙ্কিত থাকে এই ভেবে যেকোনো মুহূর্তে দলমার দল আক্রমণ করতে পারে তাদের ওপরে।
প্রসঙ্গত গ্রামে যে কোন অনৈতিক ঘটনা ঘটলে মানুষকে দ্বারস্থ হতে হয় পুলিশের। সেই পুলিশের দ্বারস্থ হতে গ্রামবাসীদের ঘন জঙ্গল পেরিয়ে পাড়ি দিতে হতো সুদূর ২৫ কিলোমিটার দূরত্বে সোনামুখী থানায়। অনেক ঘটনার কথা থানায় লিপিবদ্ধ করতে যাওয়ার সময় বুনো হাতির হানার শিকার হতে হয়েছে গ্রামবাসীদের। এখন সেসব থেকে আপাতত মুক্তি। গ্রামবাসীদের কথা চিন্তা করে পাঁচাল গ্রামে আনুষ্ঠানিকভাবে পথ চলা হলো পুলিশ ক্যাম্পের। এদিন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন এই পুলিশ ক্যাম্পের। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মাকসুদ হাসান, বিষ্ণুপুরের মহকুমা আরক্ষাধক্ষ্য সুপ্রকাশ দাস সহ একগুচ্ছ পুলিশ আধিকারিক।
পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, এই ক্যাম্পেই গ্রামবাসীরা তাদের যেকোন অভিযোগ লিখিত আকারে দায়ের করতে পারবে, একটা সময় অনেক ক্রাইমের ঘটনা অযাচিতই থেকে যেত ঠিকই। এখন থেকে সেই সবের দিন শেষ, গ্রামবাসীরা সব রকমভাবে পুলিশের সহযোগিতা পাবেন।
এই খবর চাউর হতেই রীতিমতো খুশির জোয়ার নেমে এসেছে গ্রামবাসীদের মধ্যে। তারা জানান শারদীয়ার আগে এ যেন তাদের কাছে এক অমূল্য উপহার, একটা সময় তাদের যে সমস্ত অভিযোগ অভিযোগ হয়েই রয়ে যেত, তার সুরাহা এবার থেকে মিলবে বলেই আশাবাদী তারা।








