তারানগরের ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শনে ইমাম মোয়াজ্জিন সংগঠন
নতুন পয়গাম, তারানগর, মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত তারানগর গ্রাম কয়েক মাস ধরে লাগাতার ভাঙনের কবলে। কৃষিজমি তলিয়ে যাওয়ার পর এখন বসতি এলাকাও নদীগর্ভে বিলীন হচ্ছে। কিন্তু স্থায়ী সমাধানে রাজ্য বা কেন্দ্রের উদ্যোগ নেই বলে অভিযোগ।
এই পরিস্থিতি খতিয়ে দেখতে অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অর্গানাইজেশনের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, স্থানীয় নেতৃত্ব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এলাকায় যান। তাঁরা ভাঙনপীড়িত মানুষের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন এবং রাজ্য ও কেন্দ্রকে যৌথভাবে স্থায়ী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, “যা দেখলাম তা অত্যন্ত দুঃখজনক। দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
এদিন প্রায় এক হাজার মানুষের হাতে শুকনো খাবার ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। একটি স্বেচ্ছাসেবী সংগঠনও ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করে।








