এমন মার্কিন প্রেসিডেন্ট দেখিনি! ট্রাম্পের নীতির সমালোচনায় জয়শংকর
নতুন পয়গাম, নয়াদিল্লি, ২৩ আগস্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শংকর। তিনি বলেন, শুধু ভারত নয়, গোটা বিশ্বই বর্তমানে ‘অভূতপূর্ব মার্কিন বিদেশনীতি’র চাপে নাজেহাল। শনিবার রুশ তেল আমদানি নিয়ে ওয়াশিংটনের সমালোচনার জবাবে জয়শংকর সাফ জানান, ভারতের সিদ্ধান্ত ভারতের স্বার্থেই নেওয়া হয়, বাইরের চাপ এখানে কোনো গুরুত্ব পায় না।
জয়শংকর আরো বলেন, এমন মার্কিন প্রেসিডেন্ট আমি আগে দেখিনি। যে নীতি নিয়ে তিনি চালাচ্ছেন, তা শুধু অস্বাভাবিক নয়; বরং বৈশ্বিক ভারসাম্যকে অস্থিতিশীল করে তুলছে। ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে কোনো সমালোচনা গ্রহণযোগ্য নয়। কারণ, ভারত বিকল্প জ্বালানি উৎসে বৈচিত্র আনতে প্রতিনিয়ত কাজ করছে।
চলতি বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার অবস্থান বিতর্কিত হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার জ্বালানি রপ্তানি ও এশীয় নিরাপত্তা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের চাপের নীতি বা ব্ল্যাকমেইলের নীতিকে অনেক দেশই মানতে পারছে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, জয়শংকরের এই মন্তব্য ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপড়েন সৃষ্টি করতে পারে।








