বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা
নতুন পয়গাম, বসিরহাট: বসিরহাটের মাওলানা বাগ দরবার শরীফ প্রাঙ্গণে প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন (রহ.)-এর স্মৃতিতে আয়োজিত তিন দিনব্যাপী ইসালে সওয়াব কর্মসূচির সমাপনী দিন পরিণত হয় বৃহৎ জনসমাবেশে। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন জনতা ও উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ও বিধায়ক হুমায়ুন কবীর।বিকেল থেকেই দরবার প্রাঙ্গণে ভক্ত ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। সমাপনী পর্বে হুমায়ুন কবীর মঞ্চে উপস্থিত হলে করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ। অনেকে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিতদের সঙ্গে সহজভাবে মিশে যাওয়ায় তিনি প্রশংসিত হন। রাজনৈতিক পরিচয়ের বাইরে এদিন তাঁর বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বিষয়টি গুরুত্ব পায়।
নিজের বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, আল্লামা রুহুল আমিন (রহ.)-এর জীবনাদর্শ সমাজে নৈতিকতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দিশা দেখায়। তিনি মন্তব্য করেন, এ ধরনের ইসালে সওয়াব কর্মসূচি সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। পাশাপাশি তিনি বসিরহাটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরজাদা খোবায়েব আমিন সহ একাধিক বিশিষ্ট আলেম ও গণ্যমান্য ব্যক্তি। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।সমাপনী বক্তব্যে খোবায়েব আমিন বলেন, আল্লামা রুহুল আমিন (রহ.) শুধু ধর্মীয় শিক্ষাই দেননি, মানবতার বোধও জাগ্রত করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন। বক্তব্যের পর উপস্থিত মানুষ সমবেতভাবে দোয়ায় অংশ নেন। ঐতিহাসিক এই ইসালে সওয়াব উপলক্ষে দরবার প্রাঙ্গণে মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।








