হরিপালে ‘অবলম্বন’-এর মানবিক উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম :
শারদীয় উৎসবকে সামনে রেখে হরিপাল নৈটির ‘অবলম্বন’-এর পক্ষ থেকে আয়োজিত হল এক মানবিক কর্মসূচি। ২০ সেপ্টেম্বর নৈটি হলিডে লজের প্রাঙ্গণে আয়োজন করা হয় গরিব ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, এম.পি. বিড়লা চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং আই.আই.এম.সি সোনারপুরের সহায়তায় স্বাস্থ্য শিবির।
অনুষ্ঠানের সূচনা করেন হরিপালের বিধায়ক ডা. করবী মান্না। তিনি ‘অবলম্বন’-এর সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকা এই প্রচেষ্টার প্রশংসা করেন। বিশিষ্ট সমাজকর্মী শান্তিময় দে, সাংবাদিক নৌশাদ মল্লিক, স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষ্মী বেসরা, উপপ্রধান প্রদীপ দলুই, লেখক জয়নারায়ণ সরকার, ডা. হানিফ, আই.আই.এম.সি-র কর্ণধার ইকবাল হোসেন এবং শিক্ষিকা রুম্পা সামন্ত প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অবলম্বনের সম্পাদক শেখ মুজিবর রহমান স্বাগত ভাষণ দেন এবং সভাপতি আবদুল গফফার ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিন ইতালির দুই তরুণ চিকিৎসক সচেতনতা শিবিরে অংশ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তুষার শুভ্র ঘোষ।








