স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে পাহাড়পুরে মানবিক উদ্যোগ, রক্তদান শিবিরে উৎসবের আবহ
নতুন পয়গাম, সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: রবিবার বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পাহাড়পুর গ্রামে পাহাড়পুর নবীন সংঘের উদ্যোগে নেতাজী সুভাষ চন্দ্র বসু-সহ সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার অঙ্গীকারে অনুষ্ঠিত এই শিবিরে গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। রক্তদান শিবিরের আগে তিনটি বিভাগে ‘বসে আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিশু-কিশোরদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শিপ্রা সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক সুজয় চৌধুরী। উপস্থিত ছিলেন বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক সুরঞ্জনা সরকার ও ডা. আশীষ বিরুণী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অসীম খাঁ, সংগঠক সাগর শিট, শুভেন্দু শীট-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই উপলক্ষে একটি ক্যালেন্ডারও প্রকাশ করা হয়। শিবিরে মোট ৫১ জন রক্তদান করেন, যার মধ্যে ১০ জন ছিলেন যুবতী। উল্লেখযোগ্যভাবে, ১৭ জন দাতা এই প্রথমবার রক্তদান করেন। যদিও কয়েকজন আগ্রহী রক্তদাতা শারীরিক কারণে রক্তদান না করেই ফিরে যান। সমগ্র অনুষ্ঠান জুড়ে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল ছবি ফুটে ওঠে, যা পাহাড়পুর গ্রামের মানুষদের কাছে এই দিনটিকে স্মরণীয় করে তোলে।








