বাংলা বাঁচাও যাত্রায় জলঙ্গীতে বিপুল জনসমাবেশ
পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূলের দ্বিচারিতা: সেলিম
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, জলঙ্গিঃ
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম-এর রাজ্য নেতৃত্বের উদ্যোগে ‘বাংলা বাঁচাও যাত্রা’ চলেছে জোরদারভাবে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার জলঙ্গী বিধানসভার সাগরপাড়ার নরসিংহপুর বাজার থেকে পদ্মা নদীর ঘাট হয়ে ভাদুড়িয়াপাড়া বাজার পর্যন্ত হয় শোভাযাত্রা, বাইক মিছিল ও প্রচার কার্যক্রম। বিশেষভাবে সাজানো ট্যাবলোও স্থানীয় এলাকাগুলি পরিক্রমা করে প্রচারে নতুন মাত্রা যোগ করে। বিকেলে ভাদুড়িয়াপাড়া বাজারে অনুষ্ঠিত হয় এক জনসভা।
এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, প্রতিকুর রহমান সহ জেলা-ব্লক নেতৃত্ব। বক্তৃতায় মোহাম্মদ সেলিম তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন– পরিযায়ী শ্রমিকদের ‘‘মিথ্যা প্রতিশ্রুতি’’ দিয়ে তৃণমূল দ্বিচারিতা করেছে। তাঁর অভিযোগ, বাইরে আক্রান্ত হলে সিপিআইএম শ্রমিকদের পাশে দাঁড়ালেও তৃণমূল কখনও প্রকৃত সাহায্য করেনি।
তাঁর দাবি, পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কেউ সেই টাকা পাননি।
পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূলের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তিনি জলঙ্গীর শ্রমিক মিঠুন মণ্ডলের ঘটনাও তুলে ধরেন। সেলিম বলেন, কেরালায় কাজ করতে গিয়ে মিঠুনকে বাংলাদেশি বলে ভুলবশত গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ‘‘কেরালায় পরিযায়ী শ্রমিককে গেস্ট ওয়ার্কার বলা হয়, শ্রমিক নয়,’’- উল্লেখ করে সেলিম জানান, ঘটনা জানার পর সিপিআইএম আইনি লড়াইয়ে এগিয়ে আসে। পরিবারের সঙ্গে সমন্বয় করে দলের উদ্যোগেই মিঠুনের জামিন হয় এবং পরবর্তীতে মামলা খারিজ হয়ে যায়।
সিপিআইএম নেতৃত্বের দাবি, বাংলা বাঁচাও যাত্রা তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, অবিচার ও বঞ্চনার কথা তুলে ধরছে এবং আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছে প্রতিটি অঞ্চলে।








