হাওড়ার বিভিন্ন এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন
মতিয়ার রহমান, নতুন পয়গাম, উলুবেড়িয়া: জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ-সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। শুক্রবার ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস উপলক্ষে উলুবেড়িয়ার একাধিক জায়গায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়ার পুরপ্রধান অভয় কুমার দাস, উপপুরপ্রধান সেখ ইণামুর রহমান, চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর-সহ অন্যান্যরা।
অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাষ্টের হাওড়া জেলা শাখার উদ্যোগে উলুবেড়িয়ার মহিশালীতে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করেন উলুবেড়িয়া-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। তিনি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রত্যেক মানুষের উচিত স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পাঠ করা এবং তাদেরকে অনুসরণ করা। তাহলে আমাদের জাতীয়তাবোধ ও দেশপ্রেমের চেতনা বাড়বে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সেখ আয়ুব আলী, সভাপতি হাফেজ ইদ্রিস আলী, চেয়ারম্যান সেখ খায়রুল বাসার, সহ-সভাপতি কাজী ওলিউর রহমান, সমাজসেবী প্রসেনজিৎ গাঙ্গুলি, বাপন মোল্লা, ইমামুল মল্লিক, রহিম মীর প্রমুখ।
হাওড়া জেলা গ্রামীণ পুলিশের হেড অফিস পানিয়াড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার সুবিমল পাল, শ্যামপুর থানার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বাইক রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচি।








