বিহারে কেমন হল প্রথম দফা নির্বাচন
মানসারুল হক
বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় গত ৬ নভেম্বর ১২১ টি আসনে ভোট নেওয়া হয়েছে। তাতে যা দেখা যাচ্ছে, ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে এই সিটগুলোতে মোট ভোট পড়েছিল ১ কোটি ৮৯ লক্ষ ৪ হাজার ৭৮৭ টি। সর্বশেষ ২০২০ সালের বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছিল ২ কোটি ৭ লক্ষ ৯ হাজার ২১৯ টি। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ১২১টি বিধানসভা কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ কোটি ১৫ লক্ষ ৪৭ হাজার ২৭ টি। এবার ২০২৫ সালের চলমান বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছে ২ কোটি ৪২ লক্ষ ৬৭ হাজার ৩৫৫ টি।
অর্থাৎ, ২০২০ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার ৩৫ লক্ষ ৫৮ হাজার ১৩৬ জন বেশি ভোট দিয়েছেন এই ১২১টি বিধানসভা আসনে। গড়ে প্রত্যেক বিধানসভা আসনে প্রায় ২৯ হাজার ৪০৬ জন করে বেশি ভোটার ভোট দিয়েছেন এবার। এবং প্রত্যেক বিধানসভা আসনে গড়ে ২২ হাজার ৪৮২ জন বেশি ভোটার ভোট দিয়েছেন গত বছর ২০২৪ সালের শেষ লোকসভা নির্বাচনের তুলনায়।
এর অর্থ দুটো হতে পারে। প্রথমত: বিজেপির এনডিএ জোটের সরকার চলছে বিহারে বিগত ২০ বছর ধরে। তাই সমাজের তৃণমূল স্তরে ভীষণ সরকার বিরোধী সেন্টিমেন্ট বা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর আছে, বিশেষত ১৮-৪০ বছর বয়সী ভোটারদের মধ্যে। এবং একই সাথে এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিপুল ক্ষোভ সঞ্চারিত হয়েছে। তাই তারা গতবারের তুলনায় ৯ শতাংশ ভোট বেশি দিয়েছেন সরকার পরিবর্তনের জন্য।
বিজেপি বাইরের রাজ্য থেকে বিপুল পরিমাণে ফেক বা ভুয়ো ভোটার ঢুকিয়েছে বিহারে। এ নিয়ে মারাত্মক অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের তেমন কোনো পদক্ষেপ করেনি। বরং বিরোধীদের অভিযোগ, কমিশন এ ব্যাপারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে ক্ষমতাসীন শিবিরকে। ফলে একাধিক কঠিন আসনে বিজেপি ছোট ছোট মার্জিনে জয়লাভ করবে হরিয়ানার মতো এবং বিধানসভার ফলাফল চুরি করবে। সর্বোপরি জনাদেশ বিপক্ষে থাকলেও হীন কৌশল ও ষড়যন্ত্র করে তারা বিহারে ক্ষমতা দখল করতেও পারে।








