ভাড়া বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু, রহস্যে মোড়া ঘটনায় চাঞ্চল্য ইন্দাসে
তৌসিফ আহম্মেদ, নতুন পয়গাম, বাঁকুড়া: ভাড়া বাড়িতে একা থাকার সময় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার ইন্দাস এলাকায়। মৃতার নাম নিশা যাদব। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে নিশা যাদবের বিয়ে হয়। বিয়ের মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যেই স্বামীকে সঙ্গে নিয়ে তিনি ইন্দাস এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। প্রায় এক বছর ধরে সেখানেই তাঁদের সংসার চলছিল।
ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। জানা যায়, ওই সময় বাড়িতে একাই ছিলেন নিশা যাদব। তাঁর স্বামী পেশায় একজন গাড়িচালক। তিনি টুরিস্ট বাস চালানোর কাজে প্রায় দু’দিন আগে রাত আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, স্বামীর অনুপস্থিতির সুযোগে নিশা যাদব নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগান। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গৃহবধূ কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার ও বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা খুলতে ব্যর্থ হন তাঁরা। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, গৃহবধূর গোটা শরীর আগুনে ঝলসে গেছে। সঙ্গে সঙ্গে ইন্দাস থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় মহিলাকে উদ্ধার করে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে গোটা এলাকায় গভীর শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে– তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।








