বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সারজয়ীদের সম্মান
নতুন পয়গাম, অতসী মণ্ডল: দক্ষিণ হাওড়া মুক্তধারা ও নারায়ণ হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার সার্ভাইভারদের সম্মান জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার, কলকাতা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে ক্যান্সারজয়ীদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অনুপ্রেরণার বার্তা তুলে ধরা হয়। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, রাজনীতিবিদ, পুলিশ আধিকারিক, চিকিৎসকসহ দক্ষিণ হাওড়া মুক্তধারা ও নারায়ণ হাসপাতালের প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোগটিকে সমর্থন জানান।
কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ব্রাদার ফ্রাঁসোয়া গুয়োট, উজ্জ্বল রায় (এসিপি, কলকাতা ও অ্যাডভাইজার– মাউন্টেনিয়ারিং, সরকারি ওবি), নারায়ণ হাসপাতালের মেডিক্যাল অনকোলজিস্ট ডা. অনিশ দাশগুপ্ত, চিকিৎসক ও সঙ্গীতশিল্পী ডা. অংশু সেন এবং পণ্ডিত মল্লার ঘোষসহ আরও বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্যান্সার সচেতনতা বিষয়ক একটি শিক্ষামূলক চলচ্চিত্রের ব্যানার লঞ্চ। ‘আখি’ শীর্ষক এই চলচ্চিত্রের মাধ্যমে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার বার্তা তুলে ধরা হয়।








