আজ শুরু মাধ্যমিক থাকছে হেল্পলাইন, অ্যাম্বুলেন্স
নতুন পয়গাম, কলকাতা: আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। এবার মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০। রাজ্যজুড়ে মোট ২৬৮২টি স্কুলে পরীক্ষা কেন্দ্র হয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। শেষ হবে দুপুর ২টোয়। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
জরুরি সাহায্যের জন্য ৯৪৩২৬ ১০০৩৯ নম্বরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে পরীক্ষার্থীরা। এবার নতুন চালু হল এই হেল্পলাইন নম্বর। ছাত্র-ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় কোনও অসুবিধায় পড়লে কলকাতা পুলিশের এই হেল্পলাইনে ফোন করতে পারবে। তাদের সাহায্যের জন্য ফোন পেলেই দ্রুত পৌঁছে যাবেন পুলিশ। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় থাকবে অ্যাম্বুলেন্স। কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থা।
মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের সুবিধা বা সাহায্যের জন্য কেন্দ্রীয় কন্ট্রোল রুমের তিনটি নম্বর ঘোষণা করেছে। সেগুলি হল ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৩৩৭২২৮২ এবং ০৩৩-২৩৫৯২২৭৭। চূড়ান্ত জরুরিকালীন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইউনিট (০৩৩-২৩২১৩০৮৯), সেক্রেটারি ইউনিট (০৩৩-২৩২১৩৮১৬) এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনিটে (০৩৩-২৩২১৩২১৬) ফোন করা যাবে।
পাশাপাশি পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ১৫টি বিভিন্ন রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে পরীক্ষার ৮দিন।
লালবাজার সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন থানা ও ট্র্যাফিক গার্ডগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। রাস্তায় কোনও কারণে দেরি হলে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে ফেলে এলেও পুলিশ সহযোগিতার হাত বাড়াবে বলে লালবাজার সূত্রে খবর।








