মুগবসান স্পোর্টিং ক্লাবের ৭৫ বর্ষে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির
সেখ মহম্মদ ইমরান, নতুন পয়গাম, কেশপুর:
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর মুগবসান স্পোর্টিং ক্লাবের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির। রবিবার ১২ অক্টোবর এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয় মুগবসান হাক্কানিয়া উচ্চ বিদ্যালয়ে। এটি কেবল একটি অনুষ্ঠান নয়, মূলত সামাজিক ও মানবিক দায়বদ্ধতা, জনসেবা, শৃঙ্খলা আর ভালবাসার এক মহতী আয়োজন। এদিনের শিবিরে ৮৫৫ জন মানুষ বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেছেন। মোট ১০০ জন সহৃদয় ডোনার জীবনদায়ী রক্তদান করেছেন, যার মধ্যে ১১ জন সাহসী মহিলা এবং আমাদের প্রেরণা এক কলেজ পড়ুয়া কনিষ্ঠা ডোনার। যাঁরা এসেছিলেন, কিন্তু রক্ত দিতে পারেননি, তাঁদের আন্তরিকতাও অমূল্য।
আজকের দিনটি সফল করেছে ক্লাবের প্রতিটি সদস্য। স্বেচ্ছাসেবক ব্যাজে সর্বোচ্চ আন্তরিকতা, কোনো রাগ-বিরক্তি নেই, কেউ ফাঁকি দেয়নি, সবাই দিয়েছে নিজের সর্বোচ্চ! ক্যামেরার আড়ালে থাকা সেই সকল নীরব যোদ্ধা বা নেপথ্য কুশীলবদের অবদান অনস্বীকার্য। তাঁদের নিঃশর্ত ও নিঃস্বার্থ শ্রমেই এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সকলের আন্তরিক সহযোগিতায় সমগ্র আয়োজন সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হয়।








