দুটি লরির মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত ২ চালক
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, ধূপগুড়িঃ
ধূপগুড়িতে ভোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই লরি চালক।গাড়ির স্টিয়ারিংয়ের সাথে আটকে থাকলেন দুইচালক। ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন ওভারব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বর সড়কে শুক্রবার ভোরে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দু’টি লরির চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফালাকাটা থেকে সার বোঝাই একটি লরি হলদিবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসামের উদ্দেশে জলপাইগুড়ি থেকে ফিরছিল একটি এলপি ট্রাক। ওভারব্রিজের কাছে এসে আসামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই লরিটিকে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা।
দুর্ঘটনার জেরে স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন দুই চালক ফালাকাটার বাসিন্দা সমীর সরকার (৪৮) এবং আসামের বাসিন্দা রঞ্জন সাউ (৪০)। প্রায় আধঘণ্টা ধরে গাড়ির ভিতরে আটকে যন্ত্রণা সহ্য করতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় দু’জনকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে রঞ্জন সাউ-এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে সমীর সরকারকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, চিকিৎসা চলছে।
দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ের দু’দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। কিছুক্ষণ বন্ধ থাকে গাড়ি চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
প্রায় প্রতিদিনই ধূপগুড়ি শহরে বাড়ছে পথদুর্ঘটনার সংখ্যা। এতে আতঙ্কে দিন কাটছে শহরবাসীর। ট্রাফিক ব্যবস্থা এবং যানবাহনের গতির নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বহু স্থানীয় মানুষ।








