জীবিত ১৩ জিম্মিকে মুক্তি দিল হামাস, ১৯৬৮ বন্দিকে নিয়ে গাজায় ঢুকল ৩৮ বাস
নতুন পয়গাম, রামাল্লা:
হামাসের কাছে জিম্মি থাকা জীবিত ১৩ জনকে রেডক্রসের হাতে তুলে দিল ইসরাইলি সেনারা। একইসঙ্গে ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে নিয়ে ৩৮টি বাস সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশ করে। তারা বাস থেকে নামার সঙ্গে সঙ্গে সেখানে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। উল্লেখ্য, শেষ পর্যন্ত ইহুদি জিম্মি ছিল ২০ জন এবং ফিলিস্তিনি বন্দি আছে মোট ১৪ হাজার জনের মতো। মার্চের যুদ্ধবিরতিতে উভয় পক্ষের কিছু লোককে মুক্তি দেওয়া হয়েছিল।
এদিকে ইসরাইলের পার্লামেন্টে সোমবার বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র করার দাবিতে স্লোগান উঠলে তুমুল হট্টগোল পাকিয়ে যায়। আবার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অন্যদিকে গাজা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে মিশরে পৌঁছেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ।








