হাফেজ জামিল ফারহাদকে সংবর্ধনা
আবু রাইহান, নতুন পয়গাম, মালদা:
আবু রাইহান: মালদা: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী হাফেজ জামিল ফারহাদকে নয়মৌজার যুবকবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হল। রবিবার কালিয়াচক থানার জালালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গরত্ন চিকিৎসক ডি সরকার, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবুর রহমান, সামসি কলেজের অধ্যাপক ড. অলিউল্লাহ, উদ্যোক্তা বাবুল হকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নয়মৌজার যুব সমাজ। জামিল ফারহাদ বলেন, “আমাকে যেভাবে দেশজুড়ে ভালোবাসা ও সংবর্ধনা জানানো হচ্ছে, তাতে আমি আপ্লুত। এই সম্মান আমি দেশের মানুষকে উৎসর্গ করছি।”
আশেপাশের খারেজি মাদ্রাসার ছাত্ররাও উপস্থিত ছিলেন । প্রথমেই অতিথিদের ব্যাজ ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। বর্ষার পর ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রেখে এদিন প্রায় পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষ ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে মশারি বিতরণ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ভারতের পক্ষ থেকে প্রথমবারের মতো সাফল্য এনে দেওয়া হাফেজ জামিল ফারহাদকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জামিল ফারহাদের কণ্ঠে কোরআনের আয়াত পাঠ শোনানো হয়। তিনি জানান, মালয়েশিয়ায় ৬৫ বছর ধরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এতদিনে ভারতের পক্ষ থেকে কেউ স্থান অর্জন করতে পারেনি। এবারে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে তিনি দেশকে সম্মানিত করেছেন।








