আসারামের জামিন বাতিলের দাবি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতা
নতুন পয়গাম, নয়াদিল্লি:
ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিতর্কিত ধর্মগুরু আসারাম বাপুকে অসুস্থতার কারণ দেখিয়ে দেওয়া জামিন খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতা। গত ২৯ অক্টোবর রাজস্থান হাইকোর্ট চিকিৎসার জন্য আসারামকে ৬ মাসের জামিন মঞ্জুর করার পর নির্যাতিতার পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
সোমবার শুনানিতে নির্যাতিতার আইনজীবী আদালতে দাবি করেন, আসারাম গুরুতর অসুস্থ নন। তিনি সুস্থ আছেন এবং জামিন পাওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। যদি উনি গুরুতর অসুস্থ হন, তাহলে আহমেদাবাদ, যোধপুর, ইন্দোর, হৃষিকেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন কীভাবে?

আদালতকে জানানো হয়, জামিন মঞ্জুর হওয়ার পর থেকে আসারাম কোনো হাসপাতালেই দীর্ঘ সময় ধরে চিকিৎসা করাননি। বরং আগস্ট মাসে গঠিত মেডিক্যাল বোর্ডের রিপোর্টেই বলা হয়েছিল, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। এই তথ্য তুলে ধরে নির্যাতিতার আইনজীবী জামিন দ্রুত বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, ২০১৩ সালে রাজস্থানের যোধপুরের আশ্রমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আসারামের যাবজ্জীবন কারাদণ্ড হয় ২০১৮ সালে। এরপর গান্ধীনগরের আশ্রমে যৌন হেনস্থার আর একটি মামলাতেও ২০২৩ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে হৃদরোগের গুরুতর সমস্যার দাবি করে তিনি জামিনে মুক্ত রয়েছেন।








