হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল
নতুন পয়গাম, হাওড়া:
সর্বভারতীয় কুরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বার্ষিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হল। বুধবার হাওড়া শরৎ সদনে আয়োজিত এই মহতী প্রোগ্রামে বিভিন্ন রাজ্য থেকে বাছাইকৃত সেরা ১১ জন হাফেজ এতে অংশগ্রহণ করে। খুদে প্রতিযোগীদের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত এদিনের কর্মসূচিকে অনন্য আধ্যাত্মিক ছোঁয়া দেয়। প্রথম স্থান অধিকার করে আসামের নাজিম উদ্দিন, দ্বিতীয় উত্তর প্রদেশের মুহাম্মাদ আলী এবং তৃতীয় হয় পশ্চিমবঙ্গের ভাঙড়ের ইসমাইল সাপুই।
বিজয়ীদের জন্য ছিল যথাক্রমে ১ লাখ, ৫০ হাজার এবং ২৫ হাজার টাকা নগদ পুরস্কার এবং ওমরাহ হজ প্যাকেজ। প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্কারী মনজুর আলম। প্রধান অতিথি ছিলেন মহারাষ্ট্রের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ মাওলানা হুজাইফা উস্তানভি এবং গুজরাতের ক্কারী ইউসুফ বিসমিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের মুখ্য নির্দেশক তথা রাজ্যের আমিরে শরিয়ত মাওলানা মনজুর আলম কাসেমী।
ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন মাদ্রাসা থেকে প্রবীণ হাফেজ শিক্ষকদের সম্মাননা ও স্মারক প্রদান করা হয়। পাশাপাশি আল কুরআন একাডেমি লন্ডন-এর তরফে আব্দুর রাকিব প্রবীণ হাফেজদের অনুবাদ কুরআন উপহার দেন। এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আত তারতিল নামক হিফজুল কুরআন বোর্ড গঠিত হয়। চেয়ারম্যান মুফতি মুমতাজ কাসেমী বলেন, আমরা চাই কুরআনের বার্তা সর্বস্তরে পৌঁছাক। দেশে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বাতাবরণ গড়ে উঠুক। কুরআন হল পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের উদ্দেশ্য, কুরআনের পাঠ ও বার্তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়া। সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য ক্কারী আহমাদুল্লাহ এবং প্রেস বার্তা দেন মিডিয়া ইনচার্জ কাজী মিসবাহউদ্দিন।








