প্রতীক্ষিত টেস্টের আগে সুখবর ইংল্যান্ড শিবিরে, ফিরছেন উড
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:
আজ শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত অ্যাসেজ সিরিজ। তার আগে সুখবর ইংল্যান্ডের। গত সপ্তাহে হ্যামস্ট্রিংয়ে টানের জন্য ট্রায়াল ম্যাচে খেলেননি উড। মার্চে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ফলে উদ্বেগ বাড়ছিল শিবিরে। কিন্তু স্ক্যানে কোনও সমস্যা ধরা পড়েনি।
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ বলেছেন, ‘খুব জোরে বল করেছে উড। ওকে খেলেছি বলেই এটা জানি। ওর এই গতিই আমাদের আশাবাদী করে তুলছে।’ পারথ এমনিতেই পরিচিত গতিমত উইকেটের জন্য। সেজন্যই উডের সুস্থ হয়ে বল করা স্বস্তি আনছে। জোফ্রা আর্চারের সঙ্গে তিনি জুটি বাঁধবেন বলেই মনে করা হচ্ছে। আর দু’জনেরই অস্ত্র গতি। ইংল্যান্ডের আর এক পেসার জশ টাং বলেছেন, ‘আমাদের যা বোলিং আক্রমণ তাতে বিপক্ষের ২০ উইকেট পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।’
তবে এরকম ভাঙাচোরা অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড আর পাবে কিনা সন্দেহ।








