ওমরাহ নিয়ে সুখবর
নতুন পয়গাম, রিয়াধ:
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রক রবিবার এক ঘোষণায় বলেছে, দেশটিতে অবস্থানরত সব ধরনের ভিসাধারী ওমরাহ পালন করতে পারবেন। ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ সব ভিসা এ সুবিধার আওতায় থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এই নয়া পদক্ষেপ। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে আরও সহজলভ্য করা সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের একটি অংশ।
এই উদ্যোগের মাধ্যমে হজ-ওমরাহ খাতের সেবাগুলো আরও বিস্তৃত হবে এবং অনেক বেশি মানুষ এসব সেবার আওতায় আসবেন। একইসঙ্গে ভিশন-২০৩০ এর লক্ষ্য পূরণেও এটি ভূমিকা রাখবে। সম্প্রতি তারা নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম চালু করেছে, যার মাধ্যমে ওমরাহ পালনে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন। এই প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন থেকে শুরু করে ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।








