ভারত-বাংলাদেশ সীমান্তে ৫.৪৭ কোটি টাকার সোনা উদ্ধার
আদি মোল্লা, নতুন পয়গাম, নদীয়াঃ
নদিয়ার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বড় সাফল্য পেল বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২তম ব্যাটালিয়ন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বনপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা অভিযান চালিয়ে ৩৬টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় চোরাকারবারীকে হাতেনাতে আটক করে। উদ্ধার হওয়া ৪২৩৪.৯৮ গ্রাম সোনার আনুমানিক বাজারমূল্য ৫,৪৭,৩৭,১১৭ টাকা।
বিএসএফ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা তথ্য পাওয়ার পর বনপুর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। সম্ভাব্য চোরাচালান রুটে অতর্কিত নজরদারির সময় সীমান্ত রাস্তা থেকে বনপুর গ্রামের দিকে যেতে থাকা এক সন্দেহভাজনকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। জওয়ানরা তাকে তৎক্ষণাৎ আটক করে।
তল্লাশিতে প্যাকেটবন্দি অবস্থায় সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়। আটক ব্যক্তি ও জব্দ সোনা পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ জানিয়েছে, এই অভিযান চলতি মাসে দক্ষিণবঙ্গ সীমান্তে চোরাচালান রোধে তাদের তৃতীয় বড় সাফল্য।








