সোনায় সোহাগা, দাম বাড়লেও সোনা কেনায় সেরা ভারত
নতুন পয়গাম, নয়াদিল্লি:
দাম বাড়লে কী হবে, সোনা কেনায় পিছিয়ে নেই ভারত। হু হু করে সোনা ঢুকছে ভারতে। যাকে বলে, একেবারে সোনায় সোহাগা। বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলি দ্রুত সংগ্রহ করছে সোনা, যা আগে দেখা যায়নি। ভারত জোড়া উৎসবের মরশুমে চড়চড়িয়ে দাম বেড়েছিল সোনা-রুপোর। তার পরেও সোনা কেনা থামেনি ভারতে। ১০ গ্রাম সোনার দাম ১.৩৪ লক্ষ পার করে যাওয়ার পরেও খুব একটা ভাটা পড়েনি ভারতে সোনা সংগ্রহের। বিশ্বের সবচেয়ে বেশি সোনা আমদানি করা দেশের মধ্যে প্রথম দিকেই রয়েছে ভারত।
![]()
সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি কেন এই পরিমাণ সোনা সংগ্রহ করছে, তা নিয়ে প্রশ্নও উঠছে। সোনা অবশ্য সকলের কাছে শুধুই আভরণ হিসাবে সংগ্রহে রাখার বস্তু কিংবা স্মৃতির অংশ নয় কিংবা ঐতিহ্যও নয়। বরং সোনাকে বর্তমান প্রজন্মের একটা বড় অংশ ইনভেস্টমেন্ট বা লগ্নি হিসাবে গণ্য করছে। যার দাম সময়ের সঙ্গে কোনওভাবেই কমে যায় না অর্থাৎ যার ডেপ্রিসিয়েশন বা অবমূল্যায়ন নেই। কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি কোনও ভাবেই কোনও দেশের নগদ অর্থের উপর ভরসা রাখে না বরং তার থেকে সোনা অনেক বেশি ভরসার। গত বছরের এই সময়ের তুলনায় এ বছর সোনার দাম যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা প্রায় ৬৫ শতাংশ বেশি।








