সবথেকে বেশি ভোট পেয়েও পরাজিত আরজেডি
নতুন পয়গাম, পাটনা:
বিহারে কংগ্রেসের সহযোগিতায় মহাজোটে আরজেডি ১৪৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে লালুর দল জিতেছে মাত্র ২৫টিতে। কংগ্রেসের অবস্থা আরো শোচনীয়। আসন সংখ্যায় যথেষ্ট পিছিয়ে থাকলেও আরজেডি বিহারের যেকোনো দলের তুলনায় শতাংশের হিসেবে বেশি ভোট পেয়েছে। গতবার ২০২০ সালের নির্বাচনে ১৪৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আরজেডি পেয়েছিল ২৩.১১ শতাংশ ভোট। এবার ২০২৫ সালের নভেম্বরে প্রাপ্ত ভোটের হার ২৩ শতাংশ। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বিজেপির ভোটের হার ২০২০ সালে ১৯.৪৬ শতাংশ থেকে বেড়ে এবার হয়েছে ২০.০৭ শতাংশ। ২০২০ সালে বিজেপি ১১০ আসনে লড়েছিল। এবার লড়েছে ১০১টি আসনে।
প্রাপ্ত ভোটের শতাংশ ভোটারদের মধ্যে একটি দলের জনপ্রিয়তার প্রমাণ। আরজেডি-র সর্বোচ্চ ভোট পাওয়ার মানে হল এই দলটি ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর সবার থেকে বেশি মানুষের ভোট পেয়েছে। কিন্তু জেতা আসন সংখ্যায় বিজেপি, জেডিইউ থেকে অনেক পিছিয়ে গেছে আরজেডি। তবে আরজেডি শতাংশের বিচারে সবথেকে বেশি ভোট পাওয়ার আরেকটি কারণ হল, তারা সবথেকে বেশি আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি, জেডিইউ উভয়েই ১০১টি করে আসনে লড়েছে এবার। আরজেডির প্রাপ্ত ভোট ১ কোটি ১৫ লক্ষ ৪৬ হাজার ০৫৫। যেখানে সবথেকে বেশি আসনে জেতা বিজেপির প্রাপ্ত ভোট ১ কোটি ৮১ হাজার ১৪৩।








