হাওড়ায় জিআইও-র ক্যাম্পেইনের উদ্বোধন
নতুন পয়গাম, উলুবেড়িয়া, ৭ সেপ্টেম্বর:
গার্লস ইসলামিক অর্গানাইজেশন বা জিআইও-র উদ্যোগে রাজ্যজুড়ে পাক্ষিক প্রচারাভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ থেকে ২০ সেপ্টেম্বর চলমান এই ক্যাম্পেইনের শিরোনাম ‘মানবিক মননে গড়ে তুলি সুস্থ সমাজ’। শনিবার হাওড়া জেলা জিআইও-র পক্ষ থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় উলুবেড়িয়ার নিমদিঘী হাই মাদ্রাসা সেমিনার হলে। প্রায় ৯০ জন ছাত্রী এতে অংশগ্রহণ করেন। সুস্থ ও মানবিক সমাজ গঠনে নারীদের ভূমিকা নিয়ে বিশেষ পর্যালোচনা হয় এই সেমিনারে। জিআইও হাওড়া জেলার সম্পাদিকা নাজমা নাসরিনের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রামের সূচনা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমদিঘী হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ সারিন সাহাজ। তিনি নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই সুস্থ ও আদর্শ সমাজ গড়তে জিআইও-র এই মহৎ কর্মসূচিকে সাধুবাদ জানান। শিক্ষিকা সাফিয়া খাতুন বলেন, জিআইও-র মতো সংগঠন অধঃপতিত তরুণী সমাজকে আলোর দিশা দেখায়। এই ধরনের কর্মসূচি বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রী, তরুণী ও যুবতীদের জন্য আরও বেশি প্রয়োজন।
জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদিকা শিক্ষিকা মঞ্জুরা বেগম আদর্শ শিক্ষাঙ্গন পুনর্গঠনে ছাত্রী সমাজের ভূমিকার উপর আলোকপাত করেন। শিক্ষক সংগঠন অল ইন্ডিয়া আইডিয়ারল টিচার্স এসোসিয়েশনের রাজ্য সহ-সভাপতি জুলফিকার আলী মোল্লা পাঠ্যপুস্তক এবং বাস্তব জীবনে মানবিক সমাজের উপর তাত্ত্বিক আলোচনা করেন। মানবিকতাহীন সমাজের চিত্র ও উত্তরণের উপায় সম্পর্কে বক্তব্য রাখেন হাওড়ার সহকারী জেলা নাযিম ও নিমদিঘী হাই মাদ্রাসার শিক্ষক সেখ জামিনুল ইসলাম। পরিশেষে জেলা নাযিম নুর আহমাদ মোল্লার আখেরী হেদায়াত ও দোয়ার মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।








