বীরের বেশে বিশ্বমঞ্চে জার্মানরা, স্লোভাকিয়াকে পরালো গোলের মালা
বিশ্ব ফুটবলে ভয় ধরানো নাম জার্মানি। লড়াই যাদের রক্তে,তারাই কিনা শেষ দু’টি বিশ্বকাপের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।তবে ব্রাজিলকে ৭ গোলে কাঁদানো জার্মানি ব্যর্থতা ঝেড়ে ২০২৬ সালে আবারও সাফল্যের সরণিতে হাঁটতে তৈরি। জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা তার জন্য প্রথম ধাপটা খুব সহজেই অতিক্রম করল সোমবার। ঘরের মাঠে স্লোভাকিয়াকে হাফ ডজন গোলের মালা পরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হল জার্মানির। জোড়া গোলে ম্যাচের নায়ক লেরয় সানে। এছাড়া স্কোরশিটে নাম তোলেন নিক ওল্টমেড, সের্গে নাবরি, রিডি বাকু ও আসান ওয়েডাওগো। এই জয়ের সুবাদে গ্রুপ এ’তে ৬ ম্যাচে ১৫ পয়েন্টে বাছাই পর্বের অভিযান শেষ করল জার্মানি।
এই দল নিয়ে কি ২০২৬ বিশ্বকাপে স্বপ্ন দেখা সম্ভব? আশাবাদী লোথার ম্যাথাউজ।গত রবিবার কলকাতায় এক ঝটিকা সফরে বর্তমান দল সম্পর্কে জার্মান কিংবদন্তির বিশ্লেষণ, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই। তবে বিশ্বকাপ জয়ের জন্য আরও পরিকল্পনার প্রয়োজন।আর বিশ্বমঞ্চে জার্মানি সবসময়ই ভয়ংকর।’ জার্মান কোচ নাগেলসম্যানও বিশ্বকাপে ভালো ফলের ব্যাপারে আশাবাদী। স্লোভাকিয়াকে দুরমুশ করার পর তিনি বলেন, ‘বাছাই পর্বের প্রথম ম্যাচে হারের পর অনেকে অনেক কথা বলেছিল। তবে আমরা কখনও বিশ্বাস হারাইনি। এবার লক্ষ্য বিশ্বকাপের আসরে এই ছন্দ ধরে রাখা। সামনে এখনও সাত মাস সময় রয়েছে।’
এখন দেখার আরও একবার জার্মানরা বিশ্বকাপ ঘরে তুলতে পারে কিনা!








