গাঁতলা গ্রামের ড্রাইভার খুনের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার অভিযুক্ত যুবক
নতুন পয়গাম, কান্দি:
মুর্শিদাবাদের কান্দি থানার মহলন্দি কলনি এলাকায় ড্রাইভার খুনের ঘটনার সাত ঘণ্টার মধ্যেই পর্দাফাঁস করল পুলিশ। গুলি করে ড্রাইভারকে হত্যা ও গাড়ি চুরির চেষ্টার অভিযোগে খড়গ্রামের সেখপাড়ার বাসিন্দা ২২ বছরের রাজ সেখকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর রাতে গাঁতলার বাসিন্দা রোহিত শেখ (২৩), পেশায় স্করপিও চালক, রহস্যজনকভাবে খুন হন। মহলন্দি কলনি মন্দিরের সামনে কান্দি–বহরমপুর রাজ্য সড়কের ধারে রোহিতের রক্তাক্ত দেহ ও স্করপিওটি উদ্ধার হয়। ময়নাতদন্তে মাথার পেছনে গুলির আঘাতের প্রমাণ মেলে।
তদন্তে উঠে এসেছে, গাড়ি চুরির পরিকল্পনা নিয়েই রাজ সেখ ড্রাইভারকে গুলি করে; কিন্তু গাড়িটি খাদে পড়ে গেলে সে পালাতে ব্যর্থ হয়। পরে কান্দি থানার পুলিশ তাকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জীবন্তি থেকে দমদম এয়ারপোর্ট গাড়ি নিয়ে যাওয়ার ফোন পেয়ে রোহিত বেরিয়েছিলেন। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া।








